শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসে গবেষণা-পোস্টার-প্রকল্প গ্রহণ শুরু

১ জুলাই, ২০২০ ১১:৪৭  
আগামী ১৭-১৯ জুলাই অনলাইনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বছরের শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস। আজ ১ জুলাই (বুধবার) থেকে শুরু হয়েছে শিক্ষার্থীদের গবেষণা পত্র, পোস্টার ও প্রকল্প জমা দান পর্ব। আগামী ৭ই জুলাই পর্যন্ত চলবে এই কার্যক্রম। এদিকে সঠিকভাবে এই কাজ সম্পাদনে রাত ৯টা থেকে ফেসবুক লাইভে একটি কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি। এতে গবেষণা পত্র তৈরির বিষয়ে ধারণা দেবেন শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসের মেন্টর খালিদ বিন ইসলাম। সাইন্টিফিক পেপার তৈরির বিষয়ে পরামর্শ দেবেন সজীব বর্মণ এবং প্রকল্প উপস্থাপনার খুঁটিনাটি বিষয়ে আলোকপাত করবে মিশাল ইসলাম। এর আগে ৩০ জুন (মঙ্গলবার) কংগ্রেসের ওয়েবসাইটে অনলাইনে নিবন্ধনকারীদের মধ্যে নির্বাচিতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আয়োজক কমিটি।